• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দিনাজপুরে সচেতনতামূলক কর্মসূচি

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দিনাজপুরে সচেতনতামূলক কর্মসূচি
Time Bangla news
মোয়াজ্জেম হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দিনাজপুরে সচেতনতামূলক কর্মসূচি


কিশোরী ও তরুণীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার সুরক্ষার লক্ষ্যে দিনাজপুরে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইয়াং উইমেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইসিডব্লিউএ) পরিচালিত ‘রাইজ আপ’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোছা. সামিহা বিনতে আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম আজম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল রহমান এবং দিনাজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোছা. মেমোরেজ সুলতানা।

বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ওয়াইসিডব্লিউএ দিনাজপুরের সাধারণ সম্পাদক সিসি ফ্লোরেন্স লাকড়া বলেন, মাসিক কোনো লজ্জা বা গোপন রাখার বিষয় নয়; এটি নারীর স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে কিশোরীদের সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তোলাই ‘রাইজ আপ’ প্রকল্পের মূল লক্ষ্য। একই সঙ্গে নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংস্থাটি নিরলসভাবে কাজ করছে।

দিনব্যাপী কর্মসূচিতে সংস্থার মাস্টার ট্রেইনার রিভিকা মৃধা ও দীপান্বিতার পরিচালনায় মাসিক স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা যেন নির্ভয়ে ও গোপনীয়তা বজায় রেখে বিভিন্ন প্রশ্ন করতে পারে, সে জন্য বিশেষ ‘জিজ্ঞাসা কর্নার’ এবং খোলা চিঠির বাক্স স্থাপন করা হয়। কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও স্বাস্থ্যসচেতনতামূলক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় সংস্থার লিপি লাকড়া, জয়া মনি, ক্রিস্টিনা এবং ১৫ জন অ্যালামনাই সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বের নয়টি দেশে ওয়াইসিডব্লিউএ-এর মাধ্যমে ‘রাইজ আপ’ প্রকল্প পরিচালিত হচ্ছে। বাংলাদেশে সংস্থাটির ১৩টি শাখার মধ্যে দিনাজপুরসহ ছয়টি শাখায় এ প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ