জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর। শ্রেষ্ঠ মজুমদার।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র্যাব-১৫।
রোববার (২ আগস্ট) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার ফতু থানার সুলিয়াপাড়া গ্রামের করিম আলী ও রাখাইন রাজ্যের মংডু জেলার দলিয়াপাড়া গ্রামের হাসান আরাফ।
বিকেল তিনটায় কক্সবাজারে র্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, মিয়ানমারের একদল নাগরিক সীমান্ত অতিক্রম করে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে—এমন গোপন খবর পায় র্যাব। তথ্য অনুযায়ী, ওই চক্রটি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশে নাজিরপাড়া এলাকায় অবস্থান করছিলো। এমন তথ্যের ভিত্তিতে ভোর চারটা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে মোট পাঁছ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এর আগে শনিবার (১ আগস্ট) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় আলাদা এক অভিযান পরিচালনা করে র্যাব। সেখান থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন