সবার আগে বাংলাদেশ: 'নদী বাঁচলে বাঁচবে দেশ', প্রয়োজন একটি স্বতন্ত্র ড্রেজিং কর্তৃপক্ষ।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই নদী বাঁচলে দেশ বাঁচবে। নদী এ দেশের অর্থনীতি, কৃষি, মৎস্য, নৌপরিবহন, জনজীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। তাই নদীর নাব্যতা রক্ষা করা কোনো বিলাসিতা নয়, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই। বর্ষায় যে নদী পানিতে পরিপূর্ণ থাকে, শুষ্ক মৌসুমে সেই নদীর তলদেশে পলি জমে নাব্যতা কমে যায়। ফলে নৌপথ সংকুচিত হয়, নৌযান চলাচল ব্যাহত হয়, কৃষি ও মৎস্য উৎপাদনে প্রভাব পড়ে।
এই বাস্তবতায় ড্রেজিং বাংলাদেশের নদী ব্যবস্থাপনার একটি অপরিহার্য কার্যক্রম। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, আমাদের ড্রেজিং কার্যক্রমের বড় সমস্যা ড্রেজিং করা নয়, বরং ড্রেজিংয়ের পরিকল্পনা, পদ্ধতি, তদারকি ও জবাবদিহি। বিপুল অর্থ ব্যয়ের পরও যদি নদীর নাব্যতা কাঙ্ক্ষিতভাবে ফিরে না আসে, তাহলে প্রশ্ন উঠবেই। প্রশ্ন উঠবে অর্থের ব্যবহার নিয়ে, প্রকল্পের পরিকল্পনা নিয়ে এবং সবচেয়ে বড় কথা, ড্রেজিং ব্যবস্থাপনার কাঠামো নিয়ে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার একটি পৃথক ড্রেজিং কর্তৃপক্ষ গঠনের দিকে এগোচ্ছে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে বলেও জানা গেছে। এই উদ্যোগটি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশের নদী ব্যবস্থাপনায় একটি ঐতিহাসিক বাঁক আসতে পারে। দেশে একটি ড্রেজিং কর্তৃপক্ষ গঠন হলে বিভিন্ন সংস্থার মধ্যে খনন নিয়ে দ্বৈততা বিলুপ্ত হবে। এছাড়া ড্রেজিংয়ের কাজের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং তা নিয়ন্ত্রণ করা সহজ হবে।
মতামত দিন