• ২০২৬ সেপ্টেম্বর ১৬, বুধবার, ১৪৩৩ ভাদ্র ৩১
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাজ করতে গিয়ে চিরিরবন্দরে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত ০১:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
কাজ করতে গিয়ে চিরিরবন্দরে বজ্রপাতে যুবকের মৃত্যু
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ময়নুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মৌজার মন্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ময়নুল ইসলাম ওই গ্রামের মন্তাজ ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বাড়ির কাছেই নিজের ধানখেতে কাজ করছিলেন ময়নুল। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে জমির মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দেখেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ময়নুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একই সঙ্গে পুরো মন্ডলপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।

ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে ময়নুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর মাধ্যমে প্রশাসনকে জানানো হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ