৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন। এলাকায় চাঞ্চল্য।
টাঙ্গাইলের গোপালপুরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। বিচার না পেয়ে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মো. আরশেদ আলী (৭০), পিতা মৃত সমসের আলী। একই গ্রামের বাসিন্দা তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তাকে ঘর থেকে বাইরে ডেকে নেন আরশেদ আলী। পরে পেছনের একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার চিৎকার শুনে এক নাতি ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের পরিবারের ১৫ থেকে ২০ জন লোক লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ভুক্তভোগীর ছেলে ও নাতিদের মারধর করে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু গত চার-পাঁচ দিন ধরে দফায় দফায় চেষ্টা করেও অভিযুক্ত পরিবারের অসহযোগিতার কারণে কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে নিরুপায় হয়ে বিচারের দাবিতে অনশনে বসেছেন ওই বৃদ্ধা।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরশেদ আলীর ছেলে মো. আসলাম। তিনি বলেন, তার বাবা ওই বাড়িতে ঝাড়ফুঁক দিতে গিয়েছিলেন। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। উল্টো বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের লোকজন তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ঘরে থাকা দুই লাখ টাকা নিয়ে গেছে বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতামত দিন