*শরীরে স্বর্ণের ‘বেল্ট’, শাহজালালে মালয়েশিয়ান নাগরিক আটক।*
*উপশিরোনাম:* শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে লুকানো ৯টি স্বর্ণবার উদ্ধার, বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে লুকিয়ে আনা প্রায় সাড়ে ৪ কেজি স্বর্ণসহ এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমস সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের যাত্রী ইয়াং ডন সিউ (৪৩)-এর ওপর নজরদারি করা হয়। বিমানটি ঢাকায় অবতরণের পর থেকেই তাকে অনুসরণ করা হচ্ছিল।
পরে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় ওই যাত্রীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তার শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
তল্লাশিতে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি—মোট নয়টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণবারগুলো কালো কাপড়ের বেল্টে মুড়িয়ে শার্টের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। পাশাপাশি স্বর্ণের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি।
আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরকে ব্যবহার করে স্বর্ণ চোরাচালান ঠেকাতে কাস্টমস হাউস ও বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন