*১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি গায়েব!*
*উপশিরোনাম:* বিশেষ যন্ত্রে গ্যাস সরিয়ে পুরো ওজনে বিক্রির অভিযোগ; ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা।
১২ কেজির এলপিজি সিলিন্ডার থেকে গোপনে কয়েক কেজি গ্যাস সরিয়ে তা আবার পূর্ণ ওজনের সিলিন্ডার হিসেবে বিক্রির অভিযোগে কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে রাজিব মিয়া নামে ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব তার দোকানে বিশেষ একটি যন্ত্র ব্যবহার করে পূর্ণ ১২ কেজির সিলিন্ডার থেকে গ্যাস বের করে অন্য সিলিন্ডারে স্থানান্তর করতেন। এভাবে একটি সিলিন্ডার থেকে প্রায় ৩ থেকে ৪ কেজি গ্যাস কমিয়ে ফেলার পর সেটিকে নির্ধারিত ১২ কেজির সিলিন্ডার হিসেবেই গ্রাহকের কাছে বিক্রি করা হতো। এতে প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত মুনাফা করতেন তিনি।
মঙ্গলবার রাতে এ ধরনের কারসাজি চলার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন এবং উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগের প্রমাণ পাওয়ায় রাজিব মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজিবের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি সিলিন্ডারের ব্যবসা করছিলেন। দণ্ডাদেশের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সিলিন্ডার থেকে গ্যাস সরিয়ে নেওয়ার বিষয়টি অভিযুক্ত ব্যবসায়ী স্বীকার করেছেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণা বন্ধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন