• ২০২৬ অক্টোবর ১১, রবিবার, ১৪৩৩ আশ্বিন ২৫
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে মেয়র পদপ্রার্থী হাতেম খান

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন রবিবার, অক্টোবর ১১, ২০২৬
ভালুকায় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে মেয়র পদপ্রার্থী হাতেম খান
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকায় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে মেয়র পদপ্রার্থী হাতেম খান


ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও উপহারসামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান।

শনিবার (১০ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে উপস্থিত থেকে তিনি নারী-পুরুষের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।

‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’ এই চেতনাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে মোট ১ হাজার ৪০০টি শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এর মধ্যে ৮৭০টি শাড়ি ও ৫৩০টি লুঙ্গি রয়েছে। পাশাপাশি বিতরণ করা হয় আরও ৩০০টি উপহারসামগ্রী।

অনুষ্ঠানে হাতেম খান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন এবং আজীবন তাঁদের সেবা করতে চান। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে পাশে রাখেন, ইনশা আল্লাহ আমি আমার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এই সেবাটি করে যাচ্ছি।’

আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে হাতেম খান বলেন, মানুষ যাঁকে পছন্দ করবেন, তাঁকেই ভোট দেবেন। তবে জনগণের সেবা করার সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আপনারা আমাকে খেদমত করার মতো একটা সুযোগ দিলে হয়তো আমি এমনিতেই আপনাদের সেবা করছি, কিন্তু কলম থাকলে এবং চেয়ার থাকলে সেবাটা একটু বাড়িয়ে করা যাবে।’

বক্তব্যে ভালুকার বিভিন্ন মন্দিরের সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন হাতেম খান। তিনি জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। অন্য একটি মন্দিরের শৌচাগার, মঞ্চ ও গোসলের স্থান নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা। উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাতেম খান। এ সময় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান ও ছাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, পৌর মহিলা দলের সভাপতি নাসরিন সুলতানা চায়না ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর শাখার সভাপতি প্রদীপ বণিক ও সাধারণ সম্পাদক অসীম কুমার মোদক এবং পূজা উদ্যাপন ফ্রন্টের পৌর শাখার সভাপতি মিঠু বণিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আয়োজকদের মতে, উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ