• ২০২৬ অক্টোবর ১২, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২৬
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে বাতিল ৭ ফ্লাইট।*

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে বাতিল ৭ ফ্লাইট।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে বাতিল ৭ ফ্লাইট।* 


 *উপশিরোনাম:* যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধ করল বিমান বাংলাদেশ | হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত কয়েকজন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বিমানবন্দরটি। এর প্রভাবে ঢাকা-রিয়াদ রুটে সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ। বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত রিয়াদের বিমানবন্দরটি বন্ধ থাকার কথা রয়েছে।

 *বাতিল হয়েছে যেসব ফ্লাইট* 

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদিয়া এয়ারলাইনসের এসভি৮০৪/৮০৫ ও এসভি৮০৬/৮০৭, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৯ ও বিজি৩৪০ এবং রিয়াদ এয়ারের আরএক্স৭৬৩/৭৬৪।

সূচি অনুযায়ী, সৌদিয়ার এসভি৮০৪/৮০৫ ফ্লাইটটি ১০ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ এবং ১১ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদগামী বিজি৩৩৯ ফ্লাইটটির যাত্রা শুরুর নির্ধারিত সময় ছিল ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিট।

অন্যদিকে, সৌদিয়ার এসভি৮০৬/৮০৭ ফ্লাইটটির ঢাকায় অবতরণের সময় ছিল সকাল ৯টা ৪৫ মিনিট এবং ঢাকা ছাড়ার সময় বেলা ১১টা ২৫ মিনিট। রিয়াদ এয়ারের আরএক্স৭৬৩/৭৬৪ ফ্লাইটটির ঢাকায় অবতরণ ও ঢাকা ছাড়ার নির্ধারিত সময় ছিল যথাক্রমে সকাল ৭টা ও সাড়ে ৮টা। এসব সময় স্থানীয় সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে।

এদিকে, ১০ অক্টোবর ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৮১ ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করা হয়। পরে ফ্লাইটটি রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

 *যাত্রীদের জন্য বিমান বাংলাদেশের নির্দেশনা** 

ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যাত্রীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটের নতুন সময়সূচি এবং পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে জানানো হবে। প্রয়োজনে যাত্রীরা কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া নিকটস্থ বিক্রয়কেন্দ্র থেকেও প্রয়োজনীয় তথ্য নেওয়ার সুযোগ রয়েছে।

 *হামলায় দুই বাংলাদেশি নিহত* 

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত পরিচয় সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে চলমান সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

সূত্র: বাসস

সর্বশেষ