• ২০২৬ অক্টোবর ২৯, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ১৩
  • সর্বশেষ আপডেট : ০২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ --স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর।**

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ --স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর।**
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার TV প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

**হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ --স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর।** 


 *উপশিরোনাম:* ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে হাসপাতাল, যুক্ত হচ্ছে ডায়ালাইসিস ও নবজাতক সেবা। 

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাঁদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে রয়েছেন এবং পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। অনুপস্থিত পাঁচ চিকিৎসক হলেন—ডা. সমরজিত সাহা, ডা. তুহিবুর রহমান, ডা. জোবায়ের ইবনে শামস, ডা. ফারহান ইমতিয়াজ ও সুচেতা ভট্টাচার্য।

 *১৫১ শয্যার হাসপাতালে বাড়ছে চিকিৎসাসেবা* 

পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিকল্পনার আওতায় হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতিদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের পৃথক ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী ১ নভেম্বর নতুন করে যোগ দিতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালের জন্য চিকিৎসক দেওয়ার কথাও জানান তিনি।

 *পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ* 

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আগের তুলনায় কিছুটা উন্নতি লক্ষ করলেও বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন দীর্ঘদিন ধরে হয়নি। বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে। মুরাদনগর হাসপাতালে চিকিৎসাসেবার মান আগের তুলনায় ভালো মনে হলেও কিছু অনিয়ম তাঁর নজরে এসেছে। এসব বিষয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সুবিধা বাড়ানো এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ করার আশ্বাস দেন মন্ত্রী।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মাহমুদুল হাসান ও ওমর আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ