**গ্রেফতারি পরোয়ানার পর আদালতে পরীমনি, জামিন আবেদন।**
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি।
এর আগে বুধবার মামলায় নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিনে অনুপস্থিত থাকায় পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান।
ওই দিন পরীমনির আইনজীবীরা জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করেন।
২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ওই বছরের ৯ জুন রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নেওয়ার পর মূল্য পরিশোধ না করে ভয়ভীতি দেখান।
তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।
মতামত দিন