• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঠাকুরগাঁওয়ে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, তালিকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীও*।

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
ঠাকুরগাঁওয়ে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, তালিকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীও*।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ঠাকুরগাঁওয়ে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, তালিকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীও*। 


 *উপশিরোনাম:* 

৩১ জনের মধ্যে ২৮ জন বিএনপিসংশ্লিষ্ট, ব্যবসার অভিজ্ঞতা ও গুদাম না থাকার অভিযোগ। 

ঠাকুরগাঁওয়ে নতুন সার ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন রাজনৈতিক নেতাদের স্ত্রী, সন্তান ও স্বজন। এমনকি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও পেয়েছেন ডিলারশিপ। অন্যদিকে, দীর্ঘদিন সার ব্যবসা করেও সুযোগ পাননি অনেক পুরোনো ব্যবসায়ী।

জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩১ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন বিএনপিসংশ্লিষ্ট। বাকি তিনজনের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক।

পীরগঞ্জ ইউনিয়নে ডিলার নিয়োগ পেয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়া। তাঁর বাবা মামুনুর রশীদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একটি মাদ্রাসার প্রভাষক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়ের নামে ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।

নতুন ডিলারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে ব্যবসার অভিজ্ঞতা ছিল না। অনেকের প্রয়োজনীয় আয়কর নথি, ব্যাংক হিসাব ও ২৫ টন ধারণক্ষমতার গুদামও নেই।

নীতিমালা অনুযায়ী, সার ডিলার হতে বৈধ ট্রেড লাইসেন্স, পাঁচ লাখ টাকার ব্যাংক সলভেন্সি, আয়কর রিটার্ন এবং নির্ধারিত ধারণক্ষমতার গুদাম থাকা বাধ্যতামূলক।

রানীশংকৈলের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। বালিয়াডাঙ্গীতে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ না পাওয়া বিএনপি নেতা আবদুল ওহাবের অভিযোগ, নিয়োগে দুর্নীতি হয়েছে।

তবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ অস্বীকার করেছেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও নতুন ডিলার নাজমা পারভীন। তাঁর দাবি, পারিবারিক ব্যবসার অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করে যাচাই-বাছাইয়ের পর তিনি নিয়োগ পেয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দলের অনেক নেতাকর্মী এখন ব্যবসায় যুক্ত হয়েছেন। তবে ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামও নিয়োগে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তাঁর ভাষ্য, ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ পাঠিয়েছে। জেলা কমিটি তাতে পরিবর্তন আনেনি। মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ দিয়েছে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয় নতুন সার ডিলার নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে ওঠা প্রশ্নে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সর্বশেষ