*বনে মধু কম, বাজারে ‘সুন্দরবনের খাঁটি মধু’র ছড়াছড়ি।*
*উপশিরোনাম:* চিনির সিরাপ ও কৃত্রিম উপাদানে তৈরি মধু বিক্রির অভিযোগ, প্রতারণার শিকার ক্রেতারা
সুন্দরবনে প্রাকৃতিক মধু সংগ্রহ কমছে, কিন্তু বাজারে কমছে না সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিপণন প্ল্যাটফর্মে প্রতিদিনই বিক্রি হচ্ছে ‘১০০ শতাংশ খাঁটি সুন্দরবনের মধু’ নামে নানা পণ্য। অথচ এসব পণ্যের একটি অংশে চিনির সিরাপ, কৃত্রিম ফ্লেভার ও অন্যান্য উপাদান মেশানোর অভিযোগ উঠেছে।
এমনকি বিদেশ থেকে আমদানি করা মধুও সুন্দরবনের মধু হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে। ফলে প্রকৃত উৎপাদন ও বাজারের সরবরাহের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের অসংগতি। জিআই স্বীকৃতির কারণে সুন্দরবনের মধুর পরিচিতি ও চাহিদা বাড়লেও সেই পরিচয়কে পুঁজি করে প্রতারণার বাণিজ্য চালাচ্ছে একটি অসাধু চক্র।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সুন্দরবনে মধু সংগ্রহের পরিমাণ ছিল ১০৪ দশমিক ৪ টন। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ১ টনে। অথচ অনলাইন বাজারে সুন্দরবনের মধু বিক্রির প্রচার ও সরবরাহের দাবি বেড়েই চলেছে। প্রশ্ন উঠেছে, প্রকৃত সংগ্রহ কমার পরও বাজারে এত মধু আসছে কোথা থেকে?
*খাঁটি মধুর বিজ্ঞাপনে প্রতারণা*
অনলাইনে সুন্দরবনের খাঁটি মধুর বিজ্ঞাপন দেখে এক কেজি মধু কিনেছিলেন রাজধানীর মিরপুরের গৃহিণী আফিয়া আঞ্জুমান। দাম দিয়েছিলেন ২ হাজার ৫০০ টাকা। তবে পণ্য হাতে পাওয়ার দুই দিন পরই সেটির মান নিয়ে সন্দেহ তৈরি হয় তাঁর।
তিনি যুগান্তরকে বলেন, মধুটি জমে যাচ্ছিল এবং মুখে দিলে চিনির দানার মতো অনুভূত হচ্ছিল। এতে তাঁর সন্দেহ হয়, পণ্যটি ভেজাল। বিক্রেতার অনলাইন পেজে অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাননি। টাকাও ফেরত পাননি।
শুধু একজন ক্রেতা নন, অনলাইনে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের ছবি, আকর্ষণীয় বিজ্ঞাপন ও শতভাগ বিশুদ্ধতার নিশ্চয়তা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন বিক্রেতার বিরুদ্ধে। অথচ অনেক ক্ষেত্রেই পণ্যের উৎপাদনস্থল, সংগ্রহকারী, সরবরাহকারী কিংবা পরীক্ষাগারের সনদ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।
*জিআই পরিচয়কে পুঁজি করে প্রতারণা*
সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় দেশ-বিদেশে এর পরিচিতি ও বাজারমূল্য বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিম্নমানের বা ভেজাল মধু সুন্দরবনের আসল মধু হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে।
কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জিআই স্বীকৃতির পর সুন্দরবনের মধুর বাজারমূল্য ও চাহিদা বেড়েছে। কিন্তু উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর নজরদারি ও পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা দুর্বল।
তাঁর মতে, শুধু কারখানায় অভিযান চালিয়ে বা পণ্য জব্দ করে এ ধরনের প্রতারণা বন্ধ করা সম্ভব নয়। অনলাইন বিক্রেতা, সরবরাহকারী ও উৎপাদনের উৎস পর্যন্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত নমুনা পরীক্ষা নিশ্চিত করতে হবে।
*ভেজাল মধুতে স্বাস্থ্যঝুঁকি*
ভেজাল মধুতে চিনির সিরাপের পাশাপাশি কৃত্রিম রং, ফ্লেভার কিংবা ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের আশঙ্কা রয়েছে। পুষ্টিবিদ ফারজানা কান্তা বলেন, অতিরিক্ত চিনিমিশ্রিত মধু গ্রহণে শরীরে শর্করা ও ক্যালরির পরিমাণ বেড়ে যেতে পারে। এতে ওজন বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি তৈরি হয়।
তিনি বলেন, ভেজাল পণ্যে অননুমোদিত রাসায়নিক ব্যবহার করা হলে তা আরও বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। সাধারণ ক্রেতার পক্ষে ঘরোয়া পদ্ধতিতে মধুর বিশুদ্ধতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ও বাজার তদারকি জরুরি।
*সংগ্রহ কমার পেছনে নিরাপত্তা ও পরিবেশগত সংকট*
বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সুন্দরবন থেকে ১ হাজার ৭৩৮ কুইন্টাল মধু সংগ্রহ হয়েছে। গত বছর একই সময়ে সংগ্রহের পরিমাণ ছিল ২ হাজার ৭৬ কুইন্টাল। অর্থাৎ এক বছরে সংগ্রহ কমেছে ৩৩৮ কুইন্টাল বা প্রায় ১৬ শতাংশ। একই সময়ে ৫২১ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহ করা হয়েছে।
পরিবেশবিদ, মৌয়াল ও ব্যবসায়ীদের মতে, সুন্দরবনে মধু সংগ্রহ কমার পেছনে একাধিক কারণ রয়েছে। বনদস্যুদের ভয়, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণের আশঙ্কায় অনেক মৌয়াল বনে যেতে আগ্রহ হারাচ্ছেন।
অন্যদিকে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত ও লবণাক্ততা বৃদ্ধির কারণে মধু উৎপাদনে গুরুত্বপূর্ণ খলিশা, গরান ও কেওড়ার মতো গাছে ফুল ফোটার ধরনেও পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া অভয়ারণ্যের সীমানা বৃদ্ধি এবং মধু আহরণের সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাস করায় সংগ্রহের সুযোগ সীমিত হয়েছে।
মৌয়াল মো. আমিনুল ইসলাম বলেন, নানা প্রতিকূলতায় সুন্দরবনে মধু সংগ্রহ কমছে। অথচ বাজারে সুন্দরবনের মধুর বিক্রি ও প্রচার বাড়ছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল পণ্যকে সুন্দরবনের মধু বলে বিক্রি করছেন।
*অভিযান চলছে, নিয়ন্ত্রণে আসছে না ভেজাল*
সম্প্রতি কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ এবং ফেনীতে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরির অভিযোগ সামনে আসার পর বাজার তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভেজাল মধুর উৎস, কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, মোড়কজাতকরণ ও অনলাইন বিপণন—প্রতিটি পর্যায়ে নজরদারি প্রয়োজন। পাশাপাশি জব্দ করা পণ্যের পরীক্ষার ফল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার তথ্য প্রকাশ করা জরুরি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, জনবল সংকট থাকলেও অধিদপ্তর সপ্তাহের প্রতিদিন বাজার তদারকি করছে। প্রচলিত বাজারের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও নজরদারি রয়েছে। ভেজাল খাদ্য নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সহকারী পরিচালক জানান, খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে মানসনদ দেওয়া বিএসটিআইয়ের দায়িত্ব। অভিযানে মানচিহ্নবিহীন বা ভেজাল মধু পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের পণ্য বিক্রির প্রমাণ মিললে জব্দ ও ধ্বংসের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের মধুর প্রকৃত উৎপাদন, আমদানি, মজুত ও বাজারজাতকরণের তথ্য সমন্বিতভাবে যাচাই করা না হলে এই অসংগতি দূর করা কঠিন। বিশেষ করে সুন্দরবনের মধু নামে বিক্রি হওয়া প্রতিটি পণ্যের উৎস ও বিশুদ্ধতা নিশ্চিত করতে কার্যকর পরীক্ষাব্যবস্থা এবং জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।
মতামত দিন