• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এআইয়ের সহায়তায় পরীক্ষায় জালিয়াতি, ১৬০ প্রশ্নের ১৫৯টির উত্তর দিয়ে প্রথম।

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
এআইয়ের সহায়তায় পরীক্ষায় জালিয়াতি, ১৬০ প্রশ্নের ১৫৯টির উত্তর দিয়ে প্রথম।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*এআইয়ের সহায়তায় পরীক্ষায় জালিয়াতি, ১৬০ প্রশ্নের ১৫৯টির উত্তর দিয়ে প্রথম।* 


 *উপশিরোনাম:* ক্ষুদ্র ক্যামেরায় প্রশ্নের ছবি তুলে জেনারেটিভ এআইয়ের কাছ থেকে উত্তর নিতেন পরীক্ষার্থী; স্বীকারোক্তির পর তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ের পেশাগত যোগ্যতা পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হওয়া ওই পরীক্ষার্থী শেষ পর্যন্ত উ প্রযুক্তির অপব্যবহারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

‘হান’ পদবির ওই পরীক্ষার্থী আইনজীবীর মাধ্যমে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে জানান, পরীক্ষার হলে গোপনে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলতেন তিনি। পরে সেসব ছবি জেনারেটিভ এআইয়ের কাছে পাঠিয়ে পাওয়া উত্তর স্মার্টফোনে দেখে পরীক্ষার খাতায় লিখতেন।

চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষার দুই ধাপেই প্রথম হয়েছিলেন হান। প্রথম ধাপের ৪০০ নম্বরের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হওয়ায় তাঁর ফলাফল নিয়ে শুরু থেকেই সন্দেহ তৈরি হয়। এমনকি স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগও ওঠে। তবে প্রথম দিকে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

গতকাল দক্ষিণ কোরিয়ার অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে প্রতারণার বিষয়টি স্বীকার করেন হান। তিনি বলেন, ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। সর্বোচ্চ নম্বর অর্জন তাঁর প্রকৃত মেধা ও পরিশ্রমের প্রতিফলন নয় বলেও স্বীকার করেন তিনি। একই সঙ্গে ঘটনার জন্য ক্ষমা চান।

সিউল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে পাওয়া লিখিত স্বীকারোক্তি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাটি দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দেশটিতে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অবস্থান নির্ধারণে পরীক্ষার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যেই আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’। এ পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) পরীক্ষায়ও এ ধরনের জালিয়াতির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী হান সিয়ং-সুকও এআইনির্ভর পরীক্ষার জালিয়াতি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেছেন। তাঁর কার্যালয় জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ