সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকার একটি জমি নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
জমির প্রকৃত মালিক জন্মেজয় রায় চৌধুরী ও বিঞ্সু রায় চৌধুরীর অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে জমি সার্ভে করে বুঝিয়ে দেওয়ার পরও প্রতিপক্ষের লোকজন জমি দখলের চেষ্টা করছে।
অভিযোগ অনুযায়ী, সিলেট মহানগর ভূমি অফিসের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জমিটি সরেজমিনে পরিদর্শন ও সার্ভে করে জমির মালিকদের ভূমি বুঝিয়ে দেন।
তবে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর আনোয়ার হোসেন খান, তাজিমুল হোসেন খানসহ তাঁদের লোকজন জমি দখলের চেষ্টা করেন। এসময় তারা এই সংখ্যালগু পরিবারকে ভয়ভীতি দেখিয়ে জমি থেকে সরিয়ে দেয়ার চেষ্ঠা করেন।
জানা যায়, নগরীর ধোপাদিঘীর পর এলাকায় মিউনিসিপ্যালিটি মৌজার ৭৫৫২ ও ৭৫৮৮ নম্বর দাগের ২০ দশমিক ৫৬ শতক জমির মালিক এই এলাকার জন্মেজয় রায় চৌধুরী ও বিঞ্সু রায় চৌধুরী। তাঁদের পিতা ডা. জগদীশ চন্দ্র রায় মৌরসী সূত্রে জমিটির মালিক ছিলেন।
অন্যদিকে, জমি দখলে বাধা দেওয়া এবং হুমকি ধমকি দেয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে নগরীর মাদানীবাগ, টিলাগড় এলাকার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের পত্রি আনোয়ার হোসেন খান ও তাজিমুল হোসেন খান গংয়ের বিরুদ্ধে।
জমির মালিকদের অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তারা সার্ভে করে জমি বুঝিয়ে দেওয়ার পরও প্রতিপক্ষের লোকজন তাঁদের সেখানে স্বাভাবিকভাবে অবস্থান ও ভোগদখলে বাধা দিচ্ছেন। এমনকি সংখ্যালঘু পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় নিজেদের জমির নিরাপত্তা এবং পরিবারের সদস্যদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জন্মেজয় রায় চৌধুরী ও বিঞ্সু রায় চৌধুরী।
তাঁরা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমির দখল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন খান ও তাজিমুল হোসেন খানের বক্তব্য পাওয়া পাওয়া যায়নি।
মতামত দিন