• ২০২৬ নভেম্বর ১৯, বৃহস্পতিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৪
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মজুরি আন্দোলনে ফের অগ্নিগর্ভ শিল্পাঞ্চল, বন্ধ ৬৪০ কারখানা।

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
মজুরি আন্দোলনে ফের অগ্নিগর্ভ শিল্পাঞ্চল, বন্ধ ৬৪০ কারখানা।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মজুরি আন্দোলনে ফের অগ্নিগর্ভ শিল্পাঞ্চল, বন্ধ ৬৪০ কারখানা।* 


 *উপশিরোনাম:* মজুরি নিয়ে অচলাবস্থায় গাজীপুর, সাভার-আশুলিয়া, টঙ্গী ও মিরপুরে বিক্ষোভ-সংঘর্ষ; মহাসড়ক অবরোধ, উৎপাদন ব্যাহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন। মোতায়েন।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক দিন পরিস্থিতি শান্ত থাকার পর গতকাল মঙ্গলবার গাজীপুর, সাভার-আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর মিরপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০টিতে, যা গত ৩১ অক্টোবর আন্দোলন শুরুর পর সর্বোচ্চ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গতকাল ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছে।

শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের কারণে বন্ধ থাকা কারখানার মধ্যে ১১৫টি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ধারায় কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট শ্রমিকরা বন্ধের সময়ের মজুরি পাবেন না। গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 *মজুরি বোর্ডের বৈঠক সোমবার* 

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া বৈঠক আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হওয়ায় গত সোমবারের বৈঠক স্থগিত করা হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, নতুন মজুরি আগে কিংবা পরে ঘোষণা করা হলেও তা ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সম্মতি দেওয়া হয়। তবে এরপরও শ্রমিক অসন্তোষ কমেনি।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, চলতি নভেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, মজুরি বোর্ডকে কাজ করার সুযোগ দিতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই নতুন মজুরি ঘোষণা করতে হবে।

 *গাজীপুরে দিনভর সংঘর্ষ* 

গতকাল সকাল থেকে গাজীপুরের নাওজোড়, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, ছয়দানা, ভবানীপুর, বাঘের বাজার, মাওনা ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা ও ছয়দানা এলাকায় বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুরের পরও কয়েকটি এলাকায় অবরোধ ও সংঘর্ষ চলে। সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর আগে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

এদিকে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন হোসাইন আহত হয়েছেন।

 *মিরপুরে সংঘর্ষ, আটক ১০* 

কয়েক দিন শান্ত থাকার পর গতকাল রাজধানীর মিরপুর-১, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

 *সাভার-আশুলিয়া ও টঙ্গীতেও উত্তেজনা* 

টানা দুই দিন শান্ত থাকার পর গতকাল সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ফের বিক্ষোভ শুরু হয়। সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়, বাগবাড়ী ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ার ও বর্জ্য জ্বালিয়ে অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পুলিশ ও বিজিবি তাদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকাতেও শ্রমিকরা অবরোধ করেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিছু শ্রমিক কারখানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরে যান। নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগরে দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে তারা সড়ক থেকে সরে যান। সংঘাতের আশঙ্কায় টঙ্গীর অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

 *ভাঙচুর-অরাজকতা গ্রহণযোগ্য নয়: বিজিএমইএ* 

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, মজুরি বৃদ্ধির দাবির যৌক্তিকতা থাকলেও আন্দোলনের নামে ভাঙচুর ও অরাজকতা গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে চান, কিন্তু একটি পক্ষ তাদের জোর করে কারখানা থেকে বের করে আন্দোলনে যুক্ত করছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আবারও চলতি মাসের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি জানান।

বৈঠকে অধ্যাপক এম এম আকাশ, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদসহ শ্রমিকনেতারা বক্তব্য দেন।

এদিকে পুলিশের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা জানিয়েছেন, শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মনিটরিং সেল কাজ করছে। তিনি শিল্পকারখানা ও ব্যক্তিগত সম্পদে হামলা-ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান জানান।

সর্বশেষ