• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রমজানের আগেই সয়াবিন তেলের দামে ফের উত্তাপ।

  • প্রকাশিত ০৯:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
রমজানের আগেই সয়াবিন তেলের দামে ফের উত্তাপ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রমজানের আগেই সয়াবিন তেলের দামে ফের উত্তাপ।* 


 *উপশিরোনাম:* এক দফা মূল্য সমন্বয়ের পর ফের বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে ৩ টাকা বৃদ্ধি; নতুন করে চাপে ভোক্তা।

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের লিটারপ্রতি দাম তিন টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুদ, আমদানি, এলসি খোলার পরিস্থিতি এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর তুলে ধরা হয়। এসব তথ্য পর্যালোচনার পর আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়নি। ফলে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।

আসন্ন রমজানে বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রস্তাব দেন ব্যবসায়ীরা।

এদিকে নতুন দাম কার্যকর হওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি বন্ধে কঠোর নজরদারির সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ