উত্তরপ্রদেশের হামিরপুরে দাম্পত্য কলহ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে স্বামীর নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ।
জানা যায়, পানা নামের ওই নারীর সঙ্গে তার স্বামী ফুলের বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এক পর্যায়ে সেই বিরোধ চরমে পৌঁছালে রাগের বশে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন স্বামী। অভিযোগ অনুযায়ী, তিনি স্ত্রীর ওপর হামলা চালিয়ে কামড়ে তার নাকের একটি অংশ ছিঁড়ে ফেলেন এবং মুখমণ্ডলের বিভিন্ন স্থানে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত পানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার নাকে প্রায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝাঁসির মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার নাকের ক্ষত বেশ গুরুতর হওয়ায় প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফুল পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারী ও তার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পারিবারিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের মধ্যে।
মতামত দিন