কুষ্টিয়ায় দিনদুপুরে দশম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দিনদুপুরে নিজ বাসার সামনে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই ছাত্রী (১৫) কুষ্টিয়া মিশন স্কুলের শিক্ষার্থী এবং বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনী (টেস্ট) পরীক্ষা চলছে। পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত। তারা দীর্ঘদিন ধরে থানাপাড়ার একটি ভবনের তিনতলায় ভাড়া থাকেন। তাদের মূল বাড়ি ফরিদপুর জেলায়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসায় ফেরে ওই ছাত্রী। বেলা ১টা ১১ মিনিটের দিকে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় হঠাৎ এক তরুণ পেছন থেকে এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। ছাত্রীটি হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা ও চিৎকার শুরু করলে হামলাকারী তার চুল ধরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। একপর্যায়ে ছাত্রীটি রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে।
পাশের ভবনের বাসিন্দা শাহাদাত হোসাইন জানান, ঘটনার সময় তাঁর বোন বারান্দা থেকে বিষয়টি দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে দেখতে পান, স্কুলড্রেস পরিহিত মেয়েটিকে হামলাকারী একের পর এক আঘাত করছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাতের পর ছুরিটি ফেলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত তরুণ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে রিকশায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ধারালো অস্ত্রের আঘাতে মেয়েটির হাতে দুটি গভীর ক্ষতের পাশাপাশি শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েটির বাবা জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে ছোটেন। কেন বা কী কারণে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে পরিবার কিছুই অনুধাবন করতে পারছে না। পূর্বেও এ ধরনের কোনো উত্ত্যক্তের বিষয়ে মেয়ে পরিবারকে কিছু জানায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে জানান, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারী তরুণকে শনাক্ত করা গেছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
মতামত দিন