টাঙ্গাইলে মিডিয়া ব্যক্তিত্ব নূর মোহাম্মদ রাজ্যের গাড়িতে অগ্নিসংযোগ।
টাঙ্গাইল জেলায় জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্যের ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর আবহাওয়া অফিসের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
ঘটনার পর সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার ঢাকায় অবস্থান করায় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নদী, খাল ও বিল দখলমুক্ত করা, অবৈধভাবে পুকুর ভরাটের বিরোধিতা, মাদকবিরোধী কার্যক্রম এবং যানজট নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ৮ থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত তিনি নাগরিক অধিকারের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেন। অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু তার দাবির প্রতি সংহতি জানান এবং স্মারকলিপি গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকেই ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে আখ্যায়িত করে নূর মোহাম্মদ রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্যরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন