• ২০২৬ মে ২২, শুক্রবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিন খুন

  • প্রকাশিত ০১:০৫ পূর্বাহ্ন শুক্রবার, মে ২২, ২০২৬
বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিন খুন
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিন খুন


বগুড়ার দুই উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে শিশু, স্কুলছাত্র ও গৃহবধূ হত্যার তিনটি ঘটনা ঘটেছে। মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জেলার গাবতলীতে বৃহস্পতিবার দুপুরে মাদকাসক্ত বাবার হাতে পাঁচ মাস বয়সী শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়। আর বুধবার গভীর রাতে গাবতলীতেই দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান এক গৃহবধূ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যা করা হয়। নিহত শিশু ওই এলাকার রায়হান আলীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে নিজের সন্তানের গলা চেপে ধরেন রায়হান আলী। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্ত বাবাকে আটক করতে অভিযান চলছে”।

এর কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতে নিহত হয় নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭)। সে চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের বিরোধ হয়। এর জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত ও তার বাবা শাহা আলী হামলা চালান বলে অভিযোগ স্থানীয়দের। 

তাদের ভাষ্য, হামলার এক পর্যায়ে মুস্তাকিমকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, “ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে”।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”।

এদিকে বুধবার রাত সোয়া ১২টার দিকে গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাত ১০টার দিকে খাবার শেষে তারা আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙলে স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ পান তিনি। পরে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর মরদেহ দেখতে পান। এ সময় বাড়ির সদর দরজা খোলা ছিল।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে”।

সর্বশেষ