• ২০২৬ Jun ২৭, শনিবার, ১৪৩৩ আষাঢ় ১২
  • সর্বশেষ আপডেট : ০২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির

  • প্রকাশিত ০২:০৬ পূর্বাহ্ন শনিবার, Jun ২৭, ২০২৬
ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির
File
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ক্ষেত্রে বাংলাদেশের মতো উদাহরণ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। নানা অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য ধরে রেখেছে।

শুক্রবার (২৬ জুন) সিলেটের ঐতিহাসিক সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই দেশ আবহমানকাল ধরেই সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এটি কোনো মুখের কথা নয়, বরং শাশ্বত সত্য। অর্থনৈতিক সামর্থ্য কিংবা প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আমরা হয়তো অনেক দেশের চেয়ে পিছিয়ে আছি, কিন্তু ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঔদার্য ও একসঙ্গে বসবাসের যে সংস্কৃতি রয়েছে, তা বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। নানা সংকট ও দুর্যোগের মধ্যেও এদেশের মানুষ সম্প্রীতি ও ঐক্যের বন্ধন অটুট রেখেছে। তিনি বলেন, পূজা উদযাপন পরিষদ দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠা ও বিকাশে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

মুক্তাদির বলেন, ‘মন্দির, মসজিদ, গির্জা কিংবা প্যাগোডা, যে ধর্মীয় প্রতিষ্ঠানই হোক না কেন, উন্নয়নের জন্য যা প্রয়োজন সরকার তা বাস্তবায়নে কাজ করবে। সংশ্লিষ্টদের প্রয়োজনগুলো সুনির্দিষ্টভাবে জানাতে হবে, বাকি কাজ সরকার সম্পন্ন করবে।

সকাল সাড়ে ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর। তিনি বলেন, বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে সনাতন ধর্মাবলম্বীরা অগ্রভাগে থেকেছেন, কিন্তু প্রাপ্তির বেলায় কেবল বৈষম্যের শিকার হতে হয়েছে। মেধা ও যোগ্যতার মাপকাঠিতে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের যা ন্যায্য অধিকার, তা দিতে হবে। বাসুদেব ধর আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের সময় প্রশাসনের লোকেরা আমাদের আশ্বস্ত করেন।

কিন্তু মব জাস্টিসের কবলে পড়ে যখন তারা কথা রাখেন না, তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বাসী, অবিশ্বাসী ও সংশয়বাদী সবাইকে নিয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার দাবি জানান।  এছাড়া তিনি সনাতন ধর্মালম্বীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে অধিকারবোধের চেতনাকে বুকে লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দশ ও সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ^াসের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশন প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার,  কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত ও সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য সুব্রত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সিলেট প্রেসবিটারিয়ান মিশনমন্ডলীর সভাপতি ও ঐক্য পরিষদ মহানগরের সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার দেব।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর পূজা উদযাপন পরিষদের আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন সুব্রত দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন চন্দন দাশ।

সর্বশেষ