• ২০২৬ Jul ২৫, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ের আলু রপ্তানিতে নতুন সম্ভাবনা

  • প্রকাশিত ০৩:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ২৫, ২০২৬
কালাইয়ের আলু রপ্তানিতে নতুন সম্ভাবনা
File
স্টাফ রিপোর্টার | আব্দুর রহিম

কালাইয়ের আলু রপ্তানিতে নতুন সম্ভাবনা


জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (এগ্রো এক্সপোর্ট জোন) প্রতিষ্ঠার উদ্যোগ স্থানীয় আলু চাষিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আলু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ লক্ষ্যে শুক্রবার (২৪ জুলাই) কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বামনাহানি মৌজায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এবং কৃষি সচিব ড. রফিকুল-ই-মোহাম্মদ।

পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান, জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লা আল মাহবুব এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জয়পুরহাট জেলায় প্রতিবছর গড়ে ৪৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়ে থাকে। এর মধ্যে শুধু কালাই উপজেলাতেই প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদিত হয়। উৎপাদিত আলুর প্রায় ৩০ শতাংশ জেলার ১৯টি হিমাগারে সংরক্ষণ করা হলেও পর্যাপ্ত রপ্তানির সুযোগ না থাকায় কৃষকরা অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং লোকসানের মুখে পড়েন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিপণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠিত হলে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ, মানসম্মত প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি হবে। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পাবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কালাইয়ের আলু দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আরও প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, দ্রুত এগ্রো এক্সপোর্ট জোনের কার্যক্রম বাস্তবায়িত হলে আলুর বাজার সম্প্রসারণের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কালাই দেশের অন্যতম আলু রপ্তানি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ