২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭০ নতুন রোগী
দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিহতদের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে ঢাকা ও বরিশাল বিভাগের বাসিন্দা।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৩১৭ জন। এছাড়া সিলেটে ১০৬ জন, রাজশাহীতে ৯০ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ৫৭ জন, বরিশালে ৪৪ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ৯৯০ জন। তাদের মধ্যে ৯৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩২২ জন, চট্টগ্রামে ২২০ জন, বরিশালে ১৫৫ জন, সিলেটে ৯৫ জন, ময়মনসিংহে ৫৫ জন, খুলনায় ৪১ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ২১ জন রয়েছেন।
এ নিয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে হামের রোগী ভর্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর বা র্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মতামত দিন