দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দোকানের আবাসিক কক্ষে পুড়ে নিহত ৬ বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) এলাকার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোমানি শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানের ভেতরের আবাসিক অংশে সাতজন বাংলাদেশি অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা।
এদিকে, কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
এই হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মতামত দিন