• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হরমুজ প্রণালি পরিচালনায় ইরানকে নিয়ে যৌথ উদ্যোগের প্রস্তাব ওমানের

  • প্রকাশিত ০৩:০৭ পূর্বাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
হরমুজ প্রণালি পরিচালনায় ইরানকে নিয়ে যৌথ উদ্যোগের প্রস্তাব ওমানের
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

হরমুজ প্রণালি পরিচালনায় ইরানকে নিয়ে যৌথ উদ্যোগের প্রস্তাব ওমানের


হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ইরানের সঙ্গে যৌথভাবে পরিচালনার একটি নতুন আঞ্চলিক কাঠামোর প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছাভিত্তিক অর্থ সংগ্রহ করে একটি তহবিল গঠন করা হবে, যা নৌপথের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যয় করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওমানের এ উদ্যোগে কয়েকটি আঞ্চলিক দেশের সমর্থন রয়েছে। গত সপ্তাহান্তে তেহরান সফরের সময় দেশটির কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি তুলে ধরা হয়।

জানা গেছে, প্রস্তাবটি মালাক্কা প্রণালির যৌথ ব্যবস্থাপনা মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। ওই প্রণালিটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সমন্বিত উদ্যোগে পরিচালিত হয় এবং আন্তর্জাতিক নৌপরিবহনে এটি সফল একটি উদাহরণ হিসেবে বিবেচিত।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। ইরান-সংক্রান্ত সাম্প্রতিক সংঘাত শুরুর আগে বৈশ্বিক অশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। তবে বর্তমান পরিস্থিতিতে প্রণালিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

ইরানের দাবি, যুদ্ধ-পূর্ব সময়ের মতো অবাধ নৌচলাচলের পরিবেশ এখন আর বাস্তবসম্মত নয়। বিপরীতে উপসাগরীয় কয়েকটি দেশ স্পষ্ট করেছে, তারা এমন কোনো ব্যবস্থায় রাজি নয় যেখানে ইরানকে বাধ্যতামূলকভাবে অর্থ পরিশোধ করতে হবে।

এদিকে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, যৌথ কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন আরাকচি।

অন্যদিকে, একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

সর্বশেষ