জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হয়ে একটি বিশাল পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি নবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় পথসভায় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পদযাত্রা ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মতামত দিন