• ২০২৬ অগাস্ট ১৪, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ৩০
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অভিভাবকের সহযোগিতায় ঝরে পড়া রোধে জকিগঞ্জের জোবেদ আলী বিদ্যালয়ের উদ্যোগ

  • প্রকাশিত ১২:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ১৪, ২০২৬
অভিভাবকের সহযোগিতায় ঝরে পড়া রোধে জকিগঞ্জের জোবেদ আলী বিদ্যালয়ের উদ্যোগ
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

অভিভাবকের সহযোগিতায় ঝরে পড়া রোধে জকিগঞ্জের জোবেদ আলী বিদ্যালয়ের উদ্যোগ


সিলেট অফিস:  শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে অভিভাবকদের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন সিলেটের জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে বিভিন্ন কৌশলে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান শিক্ষক জয়েদ আহমদ বলেন, “ঝরে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমরা নানাভাবে চেষ্টা করছি। আজ নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা ও ফলাফলের মার্কশিট দেওয়া হচ্ছে। যেসব অভিভাবককে দাওয়াত দেওয়ার পরও সভায় উপস্থিত হননি, তাদের সন্তানের মার্কশিট দেওয়া হবে না। তাদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে মার্কশিট গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে শুধু শিক্ষকদের দায়বদ্ধতা নয়, অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। অভিভাবকরা বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করলে এবং শিক্ষার্থীদের বাড়িতে একটু সময় দিলে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জকিগঞ্জের মধ্যে সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করবে।”

প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আরও কার্যকর করতে বিদ্যালয়ের সব শ্রেণিতে পৃথকভাবে ফলাফল প্রকাশ ও অভিভাবক সভার আয়োজন করা হবে। এসব সভায় শিক্ষার্থীদের ফলাফল তুলে ধরার পাশাপাশি অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বাবুল চন্দ্র নাথ ও ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহারা ফেরদৌস, রূপালী রায়, অভিভাবক হাবিবুর রহমান, আব্দুল হালিম, মোস্তাক আহমদসহ প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত নবম শ্রেণির অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের ফলাফলের মার্কশিট তুলে দেওয়া হয়।

সর্বশেষ