চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি
বর্তমানে দেশে চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন, সম্প্রতি মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সারাদেশে গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে এরই মধ্যে সেই সমস্যা সমাধান করা হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই। তবে এই সংকট কাটিয়ে উঠতে সরকার স্থানীয়ভাবে গ্যাস উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সরকার সমন্বিতভাবে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে।
জোনায়েদ সাকি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সাময়িক সমস্যা হিসেবে দেখা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জরুরি চাহিদা মেটাতে বিদেশ থেকে নিয়মিত গ্যাস আমদানি করা হচ্ছে।
তবে শুধু গ্যাস আমদানি করলেই সংকট পুরোপুরি কাটবে না বলে জানান তিনি। এজন্য প্রয়োজনীয় এলএনজি স্টেশন স্থাপন করতে হবে। নতুন এলএনজি স্টেশন স্থাপনে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মতামত দিন