• ২০২৬ অগাস্ট ২০, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ৫
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ের দাবি নাকচ করল ঢাকা

  • প্রকাশিত ০৫:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২০, ২০২৬
রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ের দাবি নাকচ করল ঢাকা
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ের দাবি নাকচ করল ঢাকা


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ও জাতীয় পরিচয় নিয়ে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বক্তব্যে উদ্বেগ জানিয়েছে ঢাকা। একই সঙ্গে রোহিঙ্গারা বাঙালি নয়—তাদের নিজস্ব নৃতাত্ত্বিক পরিচয় রয়েছে—এ অবস্থানও মিয়ানমারকে জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াউ সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেন মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে, তার বেশ কিছু অংশ ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যার সঠিক চিত্র জাতিসংঘের ব্যবস্থাপনায় পরিচালিত নিবন্ধন প্রক্রিয়াতেই পাওয়া যাবে।

বাংলাদেশ জানিয়েছে, দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের যাচাই-বাছাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এ প্রক্রিয়ায় শিবিরে জন্ম নেওয়া শিশুদের পাশাপাশি ২০১৭ সালের পর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা নতুন রোহিঙ্গাদের তথ্যও বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। নিবন্ধিত ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য যথাসময়ে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করা হবে। যাচাই-বাছাইয়ের সময় নতুনভাবে যুক্ত হওয়া তথ্যও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা।

বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণের বিষয়গুলো নেপিদোতে সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে মিয়ানমার সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনই চলমান সংকটের স্থায়ী সমাধানের একমাত্র পথ।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের সাম্প্রতিক বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যার সঙ্গে বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত নয়। বিষয়টি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি তার সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।

রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পথ সুগম করতে মিয়ানমারকে এ কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এখন তাদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে নিজ দেশে ফিরে যাওয়াই বাংলাদেশের প্রত্যাশা। নিজেদের স্বতন্ত্র পরিচয় নিয়েই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে—এটাই ঢাকার অবস্থান।

সর্বশেষ