ঢাকা, ২৩ আগস্ট ২০২৬, রবিবার: আজ রাজধানীর পান্থপথে অবস্থিত ইউটিসি ভবনে বাংলাদেশ স্বাধীন সাংবাদিক সোসাইটি (BIJS)-এর নিজ কার্যালয়ে সংগঠনটির নির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্টরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।
বাংলাদেশ স্বাধীন সাংবাদিক সোসাইটি বা Bangladesh Independent Journalists Society (BIJS) একটি স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক ও সাংবাদিকদের পেশাভিত্তিক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সংগঠক সভাপতি জোবায়ের নোবেল এবং সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সেলিম।
বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, গঠনতান্ত্রিক কার্যক্রম, সদস্যপদ নীতিমালা, সাংগঠনিক কাঠামো এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঘোষিত লক্ষ্য অনুযায়ী, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা এবং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করাই বাংলাদেশ স্বাধীন সাংবাদিক সোসাইটির মূল অঙ্গীকার।
বৈঠকে স্বাধীন, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভুয়া সংবাদ, অপপ্রচার ও গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এআই (AI) সাংবাদিকতায় সাংবাদিকদের প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া নতুন প্রজন্মের সাংবাদিকদের নৈতিকতা, সততা ও পেশাগত মান উন্নয়ন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তথ্যনির্ভর সাংবাদিকতা উৎসাহিত করা এবং মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রম কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের জন্য নৈতিকতা, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক থাকবে। সংগঠনের সকল কার্যক্রম সংবিধান, গঠনতন্ত্র ও নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।
নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশ স্বাধীন সাংবাদিক সোসাইটি দেশব্যাপী সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার পাশাপাশি জাতীয় স্বার্থ, মানবিক মূল্যবোধ এবং সাংবাদিকতার নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
সংগঠনের প্রস্তাবিত স্লোগান:
“সত্যের সন্ধানে, স্বাধীনতায় অটুট, পেশায় গর্বিত।”
সভা শেষে বাংলাদেশ স্বাধীন সাংবাদিক সোসাইটির কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যরা।
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীন সাংবাদিক সোসাইটির আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রমের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
মতামত দিন