*মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তাল গাজীপুর, অবরুদ্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।*
*উপশিরোনাম:* ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান, সফিপুর থেকে যান চলাচল বন্ধ; দুর্ভোগে যাত্রীরা।
গাজীপুরের মৌচাক এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও রাজপথে নেমেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে সফিপুর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করেন। তাদের আকস্মিক অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মতামত দিন