• ২০২৬ অগাস্ট ২৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৮
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ২৪, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে

প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’, তিন ওয়ার্ডে একটি ‘হেলথ ওয়েলবিং সেন্টার’

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে স্থাপিত ‘হেলথ হাব’-এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে পাওয়া যাবে। সেখানে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। একই সঙ্গে স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তে কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, উপজেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫১টিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ সেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। স্বাস্থ্যসেবার মান উন্নত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। কর্তব্যে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

হাসপাতাল পরিদর্শনকালে জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ