• ২০২৬ অক্টোবর ১১, রবিবার, ১৪৩৩ আশ্বিন ২৫
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১২ অক্টোবর থেকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, ফ্যামিলি কার্ড পাবেন কারা?*

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন রবিবার, অক্টোবর ১১, ২০২৬
১২ অক্টোবর থেকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, ফ্যামিলি কার্ড পাবেন কারা?*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*১২ অক্টোবর থেকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, ফ্যামিলি কার্ড পাবেন কারা?* 


 *উপশিরোনাম:* ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ, তথ্য দিতে লাগবে না টাকা—প্রতারণা এড়াতে সতর্কবার্তা।

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য নেবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তার প্রয়োজন রয়েছে—এমন পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারের উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চিঠিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মসূচির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মীয় উপাসনালয়গুলোতে এ কর্মসূচির বার্তা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে পরিবার বা খানার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

 *সঠিক তথ্য দেওয়ার আহ্বান* 

ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার প্রয়োজন রয়েছে—এমন পরিবারগুলোকে যথাযথভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত অবস্থা তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসূচির প্রচারবার্তায় বলা হয়েছে, তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অতিরঞ্জন বা তথ্য গোপন করা উচিত নয়। কারণ, ভুল তথ্যের কারণে প্রকৃত সহায়তাপ্রত্যাশী পরিবার বঞ্চিত হতে পারে। তাই তথ্য সংগ্রহকারীদের কাছে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 *টাকা চাইলেই সতর্ক হোন* 

ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ অর্থ দাবি করলে তার প্রলোভনে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচারবার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, তথ্য সংগ্রহের জন্য কোনো অর্থ দিতে হবে না।

এ ধরনের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা দেখা দিলে বা কেউ অর্থের বিনিময়ে কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ-সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে ১০৯৮ নম্বরে যোগাযোগের কথাও প্রচারবার্তায় উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মসূচির তথ্য ছড়িয়ে দেওয়া সম্ভব হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। একই সঙ্গে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করা সহজ হবে।

সর্বশেষ