• ২০২৬ নভেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১৮
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স: রিজভী

  • প্রকাশিত ০২:১১ পূর্বাহ্ন মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স: রিজভী
Time Bangla news
নাহিদ সিলেট

চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স: রিজভী


স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, সম্ভাবনাময় প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি

সিলেট, ২ নভেম্বর ২০২৬ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চাঁদাবাজি, মাস্তানি ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সিলেট নগরীর একটি স্থানীয় হোটেলের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে একজন ব্যক্তি নানা ধরনের উসকানি দিচ্ছেন। পরাজিত শক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের নানাভাবে উসকানি দেওয়া হচ্ছে এবং এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল, সেটি লংমার্চের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সবাই জামায়াতকে গুপ্ত বলে। আপনারা ছাত্রলীগের মধ্যে মিশে ছিলেন। অনেক মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে বিএনপি বিপ্লবকে চূড়ান্ত করেছে। জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেন তিনি। তবে কেউ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। এ ক্ষেত্রে জেলা বিএনপির নেতারা যেসব প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের দলীয় সমর্থন দেবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, আব্দুল মালেক এমপি এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ