*প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলেছিলেন, ডিটিসিএর পদ হারালেন মসিউর।*
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ হিসেবে অভিহিত করে দেওয়া বক্তব্যের পর পদ হারালেন TVঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব জেতী প্রু।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলোচনায় আসেন মসিউর রহমান।
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’কে হাদিসের সঙ্গে তুলনা করেন। তাঁর দাবি, এটি কোনো ব্যক্তিকে খুশি করার বক্তব্য নয়; বরং একটি শাশ্বত বাণী।
বক্তব্যে তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’—এই নীতির বিরোধিতা করার সুযোগ নেই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে দেশকে প্রাধান্য দেওয়ার কথাই স্লোগানটির মাধ্যমে প্রকাশ পেয়েছে।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, ধর্মীয় ব্যক্তিরা একই কথা বললে সেটিকে হাদিস বলা হতো। কিন্তু প্রধানমন্ত্রীর দাড়ি বা টুপি না থাকার কারণে অনেকে বিষয়টি সেভাবে দেখছেন না। তাঁর ভাষায়, ‘এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’
মসিউর রহমানের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন মন্তব্যের যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
তবে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে ওই বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট বিতর্ককে কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।
মতামত দিন