*হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট ।*
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের অবস্থানের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত তাঁদের অবরোধ অব্যাহত ছিল।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান সাড়ে ১২ হাজার টাকা বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি কোনো শ্রমিককে অন্যায়ভাবে কালো তালিকাভুক্ত না করা এবং অযৌক্তিক ছাঁটাই বন্ধের দাবি জানান তাঁরা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল ব্যাহত হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত দিন