গণভোট ও জুলাই সনদ মেনে নিলাম’ এটা বললেই দেশের পরিস্থিতি সব ঠিক’
প্রকাশ: 19 November 2026, 08:10 AM
গণভোট ও জুলাই সনদ মেনে নিয়ে বিএনপিকে প্রকাশ্যে দ্বিতীয়বার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। একই সঙ্গে ১১ দলীয় জোটকে নিঃশর্তে বিএনপিকে সমর্থন না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিএনপি জুলাই সনদ মেনে নিলেই কেবল তাদের সমর্থনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন এই আইনজীবী।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।
পোস্টে বিএনপি ও ১১ দলীয় জোট—উভয় পক্ষকে সতর্ক করে তিনি বলেন, জুলাইয়ের সঙ্গে কোনো ধরনের বেইমানি করা যাবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো অপচেষ্টা করা হলে বিএনপির রাজনীতির কবর রচিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১১ দলীয় জোটের উদ্দেশে তিনি বলেন, রাজপথের আন্দোলন এখনো শেষ হয়নি। কোনো অবস্থাতেই নিঃশর্তে বিএনপিকে সমর্থন দেওয়া যাবে না। বিএনপি জুলাইকে মেনে নিলেই কেবল তাদের সমর্থনের প্রশ্ন আসতে পারে।
তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ব্যারিস্টার শাহরিয়ার কবিরের ভাষ্য, প্রস্তাবিত জাতীয় সরকার হবে জুলাই বিপ্লবের প্রতিনিধিত্বকারী সরকার। এটি কোনো পুরোনো সংবিধানের ভিত্তিতে গঠিত হবে না। প্রয়োজনে বিএনপিকে ছাড়াই জাতীয় সরকার গঠন করা হবে।
বক্তব্যের শেষাংশে জাতির এই ক্রান্তিলগ্নে কোনো ধরনের দ্বিধা নয়, বরং সুনির্দিষ্ট পথ ও আদর্শিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
মতামত দিন