• ২০২৬ নভেম্বর ২৪, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পশ্চিমবঙ্গের নাম বদলের সিদ্ধান্ত, নতুন নামের প্রস্তাবে অনুমোদন

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
পশ্চিমবঙ্গের নাম বদলের সিদ্ধান্ত, নতুন নামের প্রস্তাবে অনুমোদন
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


পশ্চিমবঙ্গের নাম বদলের সিদ্ধান্ত, নতুন নামের প্রস্তাবে অনুমোদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৮

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ইংরেজিতে প্রচলিত ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাবটি পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

তিনি জানান, শুধু বাংলায় নয়, ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘Paschim Banga’। বর্তমানে ইংরেজিতে ব্যবহৃত ‘West Bengal’ নামের পরিবর্তে নতুন নামটি চালু করতে চায় রাজ্য সরকার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নাম পরিবর্তনের প্রস্তাবের পেছনে ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ইতিহাসকে গুরুত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মতে, রাজ্যের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করা প্রয়োজন। 

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনের মধ্যেই ৯ ডিসেম্বর নাম পরিবর্তনের প্রস্তাবটি উত্থাপন করা হবে।

তবে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব গ্রহণ করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় তা কার্যকর হয়নি।

পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৮ সালে ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব বিধানসভায় পাস হলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি। 

এবার নতুন করে নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে মন্ত্রিসভার অনুমোদন পেলেও রাজ্যের নাম এখনই বদলে যাচ্ছে না। বিধানসভায় প্রস্তাব পাস হওয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই নতুন নাম আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারবে।


সর্বশেষ