*দুবাইয়ের শ্রমবাজারে নতুন সম্ভাবনা, চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ সদস্য।*
*উপশিরোনাম:* ৬০ দিনের প্রশিক্ষণ শেষে দুবাইয়ে ১০০ সদস্যের চাকরি, অপেক্ষায় আরও এক হাজার প্রশিক্ষিত আনসার।
দক্ষ জনশক্তি রপ্তানির নতুন উদ্যোগের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের জন্য। দেশটির প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে তিনটি পেশায় ১০০ কর্মী নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
এ নিয়োগে শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি (ম্যাসন) ও স্টিল ফিক্সার পদে সদস্যদের নেওয়া হবে। ইতোমধ্যে ৬০ দিনের বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়নের মাধ্যমে ১৩৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত করা হচ্ছে ১০০ জনকে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাহিনী সূত্রে জানা গেছে, ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মী নিয়োগের চাহিদাকে সামনে রেখে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করছে।
*দালালমুক্ত অভিবাসনে গুরুত্ব*
নিয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, অদক্ষ শ্রমিক পাঠানোর পরিবর্তে প্রশিক্ষিত ও কর্মদক্ষ জনশক্তি বিদেশে পাঠানোই বাহিনীর লক্ষ্য। বিদেশে কর্মসংস্থানের নামে দালালচক্রের প্রতারণা ও আর্থিক হয়রানি বন্ধে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশের মিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে মধ্যস্বত্বভোগী ছাড়াই নিরাপদ অভিবাসনের পথ তৈরি করা হচ্ছে।
এ কার্যক্রমে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’ এবং সিআরএম সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে বিদেশে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রবাসে থাকা সদস্যদের পরিবারের নিরাপত্তা ও সহযোগিতায় বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজে লাগানো হবে।
*বিদেশে যাওয়ার অপেক্ষায় আরও এক হাজার সদস্য*
মহাপরিচালক জানান, বিদেশে কর্মরত সদস্যদের পেশাগত শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা প্রায় এক হাজার প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
*জাপান ও ইউরোপেও কর্মী পাঠানোর পরিকল্পনা*
দুবাইয়ের পাশাপাশি জাপান ও ইউরোপের শ্রমবাজারেও আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ চলছে। বিশেষ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে দক্ষ এবং ভাষা শিক্ষায় আগ্রহী সদস্যদের জন্য জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, যারা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন না, তাদের স্থানীয় পর্যায়ে স্বাবলম্বী করতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচিত সদস্য এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মতামত দিন