সিলেট মহানগরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেলা পৌনে ১১টার দিকে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন। এসময় সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।
এর আগে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি জিয়ারত করেন।
পরে সরাসরি চলে যান সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে।
৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সিলেট হবে প্রকল্প। এতে মহানগরে বহমান সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রকল্পটি আওতায় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি নদীভাঙন রোধেও ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। সিলেটে তাঁর শ্বশুরবাড়ি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
মতামত দিন