ঢাকা থেকে রংপুর অভিমুখে আয়োজিত লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বানে দিনাজপুরের বীরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ জামায়াত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীরা লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ৭ দফা দাবি তুলে ধরেন জোটের নেতাকর্মীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংস্কার কমিশন গঠন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা।
কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. রাশেদুন নবী বাবু, বীরগঞ্জ উপজেলা শাখার অফিস সম্পাদক ও জামায়াত মনোনীত ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বীরগঞ্জ উপজেলা শাখার ১ নম্বর যুগ্ম সমন্বয়ক মো. আবু বক্কর সুমন, সমন্বয়কারী মুফতি নুরুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা ক্বারী নাজিবুর রহমান নাজিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মো. সাইদুল ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশ থেকে আগামী দিনের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।
মতামত দিন