• ২০২৬ সেপ্টেম্বর ২৬, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চৌমুহনী গ্রিডে ব্রেকার বিস্ফোরণ, মাইজদীতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
চৌমুহনী গ্রিডে ব্রেকার বিস্ফোরণ, মাইজদীতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়
Al
সাজ্জাদ হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি ব্রেকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বিস্ফোরণের কারণে চৌমুহনী থেকে মাইজদীগামী ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে মাইজদী শহরে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি লাইনের ব্রেকারে আকস্মিক বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণে ব্রেকারের পাশাপাশি দুটি ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

ঘটনার পর মাইজদী ও আশপাশের এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পিডিবির কারিগরি দল ক্ষতিগ্রস্ত ব্রেকার মেরামত এবং প্রয়োজনীয় নতুন সরঞ্জাম সংগ্রহের কাজ শুরু করেছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে দত্তেরহাট সাবস্টেশন থেকে প্রায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। তবে মাইজদী শহরে সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ মেগাওয়াট হওয়ায় এই সরবরাহ দিয়ে চাহিদার সামান্য অংশই পূরণ করা সম্ভব হচ্ছে।

এ কারণে ক্ষতিগ্রস্ত ব্রেকার পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোটেশন পদ্ধতিতে এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলে অন্য এলাকায় তা বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সরবরাহের এলাকা পরিবর্তন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। রাতের দিকে কিছু সময় বিদ্যুৎ এলেও অল্প সময়ের মধ্যে আবার চলে যায়। এতে প্রচণ্ড গরমের মধ্যে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার জানান, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণের কারণে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্রেকারসহ অন্যান্য যন্ত্রপাতি দ্রুত মেরামত করে সরবরাহ স্বাভাবিক করতে কারিগরি দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

তিনি বলেন, স্থায়ী মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

সর্বশেষ