*কেজি ২৫০ টাকায় গরুর মাংস! আমদানি চেয়ে আইনি নোটিশ।*
*উপশিরোনাম:* বর্তমানে কেজি ৭৮০–৮৫০ টাকা; নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি, ১৫ দিনের সময়সীমা।
দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
রোববার (১১ অক্টোবর) জনস্বার্থে পাঠানো নোটিশে আমদানি শুল্ক যৌক্তিকীকরণসহ ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথাও উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, বর্তমানে দেশে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষের জন্য এ মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। দেশে পশুখাদ্যের উচ্চমূল্য ও চারণভূমির সংকট উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। অন্যদিকে, কিছু দেশে কম খরচে গবাদিপশু পালন সম্ভব হওয়ায় সেসব দেশ থেকে আমদানির সুযোগ তৈরি করলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে।
আইনজীবীর দাবি, আমদানির অনুমতি ও শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব। নোটিশে সংবিধানের ১৫(ক), ১৮(১) ও ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে খাদ্য, পুষ্টি ও জীবনের অধিকার নিশ্চিত করার দায়িত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ছয় কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
মতামত দিন