• ২০২৬ নভেম্বর ০৪, বুধবার, ১৪৩৩ কার্তিক ২০
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ডিসেম্বরেই নতুন মজুরি, জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা ।*

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ০৪, ২০২৬
ডিসেম্বরেই নতুন মজুরি, জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ডিসেম্বরেই নতুন মজুরি, জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা ।* 

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। ফলে আগামী জানুয়ারি থেকে বর্ধিত বেতন হাতে পাওয়ার আশা করছেন শ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানান। বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে চেয়ারম্যান জানান, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবে। একই সঙ্গে বোর্ডের নিরপেক্ষ সদস্যও একটি প্রস্তাব উপস্থাপন করবেন। এসব প্রস্তাব পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত রোববার শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং স্থায়ী মালিক ও শ্রমিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।

একই দিন তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে। মঙ্গলবার পর্যন্ত দায়িত্বে থাকা শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। বুধবার আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তবে আগের চেয়ারম্যানকে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

একাধিক সূত্রের দাবি, পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে চেয়ারম্যান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। পরে কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। ওই বৈঠকে বিজিএমইএ সভাপতি জানান, শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজন করা হবে। মজুরি নির্ধারণের একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরবে বলেও তিনি মনে করেন।

নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতির খবর পোশাকশিল্পের চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ