*হিমালয় পেরিয়ে কুড়িগ্রামের লোকালয়ে বিরল অতিথি শকুন।*
হিমালয়ের বরফঢাকা পাহাড় পেরিয়ে শীতের আগমনী বার্তা নিয়ে বাংলাদেশে আসা একটি হিমালয়ান গৃধিনী শকুনের দেখা মিলেছে কুড়িগ্রামের রাজারহাটে। লোকালয়ে আশ্রয় নেওয়া বিরল প্রজাতির শকুনটিকে উদ্ধার করে চিকিৎসা ও পরিচর্যার জন্য রংপুরে পাঠিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকায় পাখিটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।
রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে উদ্ধার করা পাখিটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এ প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে। উদ্ধার করা পাখিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, রাজারহাট থেকে উদ্ধারের পর শকুনটির অবস্থা পরীক্ষা করা হয়। উন্নত চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসার সময় ক্লান্তি বা শারীরিক দুর্বলতার কারণে কোনো কোনো পরিযায়ী শকুন লোকালয়ে আশ্রয় নিতে পারে। এ ধরনের পাখি চোখে পড়লে ভিড় না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অসুস্থ বা আহত বন্যপ্রাণী দেখলে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন