*১০ দিনের বন্দিদশা শেষে মুক্তি, নবীনগরে উদ্ধার কলেজছাত্র রিদোয়ান।*
অপহরণের ১০ দিন পর মুক্তি পেয়েছেন মানিকগঞ্জের ঘিওরের কলেজছাত্র রিদোয়ান আনসারী (২৫)। সোমবার রাতে ঢাকার নবীনগর-কালিয়াকৈর সড়কের মির্জাপুর এলাকায় তাকে ফেলে যায় অপহরণকারীরা। পরদিন স্থানীয়দের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।
রিদোয়ান ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন রিদোয়ান। উত্তরা আজমপুর এলাকায় বাসে থাকা অবস্থায় মাস্ক পরা এক ব্যক্তি তার পাশে বসেন। এরপরই তিনি চেতনা ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রিদোয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত নম্বর থেকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ভাইকে জীবিত ফেরত পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা নেওয়ার পরও রিদোয়ানকে মুক্তি দেওয়া হয়নি। উল্টো অপহরণকারীরা তার মোবাইল, ই-মেইল, বিকাশ ও ব্যাংক হিসাবের পাসওয়ার্ড হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, অপহরণকারীরা রিদোয়ানকে একটি অন্ধকার কক্ষে আটকে রেখেছিল। পুরো সময় তার হাত ও চোখ বাঁধা থাকত। দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় একটি গাড়ি থেকে তাকে মির্জাপুর এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরদিন সকালে এক ট্রাকচালকের সহায়তায় তিনি নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান। পরে এক পাঠাও চালকের ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে স্বজনেরা নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে তাকে উদ্ধার করেন।
টানা ১০ দিন আটকে থাকার কারণে রিদোয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে। কথাবার্তাও কিছুটা অস্পষ্ট। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় গত ২৫ অক্টোবর রিদোয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তাকে উদ্ধারের ব্যবস্থা নিতে এসআরবি-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
এদিকে রিদোয়ানের সন্ধান ও উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঘিওরের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মতামত দিন