• ২০২৬ নভেম্বর ২৫, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১১
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তিন বছরের অর্থসংকটের অবসান, নতুন করে জেগে উঠছে ভেনম গবেষণাকেন্দ্র।*

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
তিন বছরের অর্থসংকটের অবসান, নতুন করে জেগে উঠছে ভেনম গবেষণাকেন্দ্র।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*তিন বছরের অর্থসংকটের অবসান, নতুন করে জেগে উঠছে ভেনম গবেষণাকেন্দ্র।* 


 *উপশিরোনাম:*  ৪৪ কোটি টাকার সরকারি বিনিয়োগে কাটছে সংকট, আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে গবেষণাকেন্দ্র।

দীর্ঘদিনের অর্থসংকট, জনবল ঘাটতি ও প্রয়োজনীয় উপকরণের অভাবে প্রায় স্থবির হয়ে পড়েছিল দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টারের কার্যক্রম। এমনকি গবেষণাগারে সংরক্ষিত বিষধর সাপগুলোর খাবার সরবরাহ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার সেই সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির সামনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত গবেষণাকেন্দ্রটির আধুনিকায়ন ও গবেষণার সক্ষমতা বাড়াতে ৪৩ কোটি ৯৯ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের মাধ্যমে কেন্দ্রটিকে আন্তর্জাতিক মানের জাতীয় ভেনম গবেষণাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে কেন্দ্রটিতে প্রায় দেড় কেজি সাপের বিষ সংরক্ষিত রয়েছে। আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। তবে বাণিজ্যিক মূল্যের চেয়েও চিকিৎসাবিজ্ঞান ও জীবনরক্ষাকারী ওষুধ তৈরির গবেষণায় এই বিষের গুরুত্ব অনেক বেশি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ টাইমস অব বাংলাদেশকে জানান, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় তিন বছর সরকারি বরাদ্দ না থাকায় কেন্দ্রটি চরম আর্থিক সংকটে পড়ে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সাপের খাবার এবং গবেষণার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহেও সমস্যার সৃষ্টি হয়। নতুন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত হওয়ায় এসব সংকট কাটিয়ে গবেষণা কার্যক্রম গতিশীল করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রকল্পে প্রয়োজনীয় জনবল নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং সাপের সুষম খাবারের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়েছে। ফলে গবেষণাকেন্দ্রটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় আর্থিক অনিশ্চয়তা কমবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। পুরো অর্থই আসবে সরকারি তহবিল থেকে।

প্রকল্পের আওতায় আধুনিক গবেষণাগার, উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের রাসায়নিক ও জৈবিক উপাদান বিশ্লেষণ এবং টক্সিকোলজিক্যাল গবেষণার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দেশে নিরাপদ ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির গবেষণা এবং সাপের কামড়ের চিকিৎসায় কার্যকর ক্লিনিক্যাল গাইডলাইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

গবেষণাকেন্দ্রটির অবস্থান হিসেবে চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িসহ উপকূলীয় ও বনাঞ্চলঘেঁষা বিভিন্ন এলাকায় বিষধর সাপের উপস্থিতি এবং সাপের কামড়ের ঝুঁকি তুলনামূলক বেশি। ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এই অঞ্চলে বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতি গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের গবেষণার সুযোগ বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এ সহযোগিতার মাধ্যমে গবেষণার পাশাপাশি পশুচিকিৎসা সহায়তা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তি বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলা ও অর্থসংকট কাটিয়ে সরকারি এই বিনিয়োগের ফলে ভেনম রিসার্চ সেন্টার শুধু গবেষণার পরিসরই বাড়াবে না, বরং সাপের কামড়ের চিকিৎসা, দেশীয় অ্যান্টিভেনম উদ্ভাবন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সর্বশেষ