টাঙ্গাইলের ধনবাড়ীর কৃতি সন্তান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর নিয়মিত অভিনয় শিল্পী তারিকুজ্জামান তপনের অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন নাট্য সংগঠন, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর পোস্টে একটাই আবেদন ঘুরে ফিরে এসেছে—ক্যান্সারের বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে তার পাশে দাঁড়ানো জরুরি, প্রয়োজন চিকিৎসা সহায়তা ও মানবিক সহযোগিতা।
কিন্তু সকল প্রস্তুতি আর সহায়তার আহ্বান চলমান থাকতেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই গুণী অভিনয়শিল্পী। তার মৃত্যুতে নাট্যাঙ্গন, চলচ্চিত্র অঙ্গনসহ পুরো দেশ যেন শোকের স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। একজন প্রতিভাবান শিল্পীর এমন অকাল প্রয়াণ সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
সহকর্মীরা জানাচ্ছেন, তপন ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও প্রাণবন্ত একজন মানুষ। অভিনয়ের প্রতি তার ভালোবাসা, কাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে আলাদা করে চিনিয়েছে সবার মাঝে। তার অভিনয়শৈলী যেমন দর্শকদের হৃদয় ছুঁয়েছে, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন সবার প্রিয় একজন মানুষ।
তার এই বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে। সবাই গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
মতামত দিন