*গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের, থাকতে হবে গ্যারান্টি ক্লজ*
গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন চুক্তি করার পক্ষে অবস্থান জানিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের পানিসম্পদ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় কার্যকর গ্যারান্টি ক্লজ রাখার কথাও বলেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে নদ-নদীর সম্পর্ক অত্যন্ত গভীর। দেশের কৃষি, পরিবেশ, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে অপরিকল্পিত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নদীগুলো ক্রমেই নানা ধরনের সংকটের মুখে পড়ছে।
তিনি বলেন, নদীদূষণ বন্ধ করতে হলে শুধু দূষণ নিয়ে আলোচনা করলেই হবে না; এর পেছনে থাকা মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার দূষণ এখনো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে নদীদূষণের ভয়াবহ চিত্রও তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, ঢাকা মহানগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে আনুমানিক ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে।
বর্জ্য ব্যবস্থাপনার এই দুর্বলতার কারণে নদীর পানি ও পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি প্রতিবছর দেশের অর্থনীতিকে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং আন্তসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মতামত দিন